গুচ্ছগ্রামবাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার চেয়ে আবেদন

সরকারিভাবে বন্দোবস্ত দেওয়া গুচ্ছগ্রামবাসীর বিরুদ্ধে আল মোস্তফা গ্রুপের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের জন্য সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছে গ্রামবাসী।

বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার গুচ্ছগ্রামবাসী এ আবেদন করে।

গ্রামবাসী তাদের আবেদনে জানায়, ৩০ বছর আগে নদীভাঙনের শিকার হয়ে বাস্তুহারা হলে ইসলামপুর এলাকায় সরকারিভাবে গুচ্ছগ্রাম প্রকল্পে তাদের বসবাস করার জন্য জমি বরাদ্দ দেওয়া হয়। সম্প্রতি আল মোস্তফা গ্রুপ নামে একটি শিল্পপ্রতিষ্ঠান গ্রামটি দখল করার জন্য গ্রামবাসীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। দখলে বাধা দিতে গেলে তাদের বিরুদ্ধে আল মোস্তফা গ্রুপের পক্ষ থেকে চাঁদাবাজির একাধিক ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এছাড়া গ্রামবাসীকে জমির দখল ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি দেওয়া হচ্ছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।