ঘরের মাঠে নিজেদের ইতিহাসে প্রথম অফিশিয়াল ওয়ানডে ম্যাচ খেলল নেপাল। তবে এমন ম্যাচটা স্মরণীয় করতে পারল না দলটি। বুধবার কাঠমান্ডুতে ওমানের বিপক্ষে ১৮ রানে হেরে গেছে নেপাল।
হিমালয়ের দেশ নেপালের জন্য দিনটা ছিল অন্য রকম আনন্দের। কৃতিপুর ক্রিকেট গ্রাউন্ডে তাই ছিল উৎসবের আমেজ। দিনের শেষটা অবশ্য ভালো হয়নি তাদের।
৬ ম্যাচের ত্রিদেশীয় সিরিজের এটি ছিল প্রথম ম্যাচ। সিরিজের অন্য দল যুক্তরাষ্ট্র। সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর লিগ-২ এর অংশ।
টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৯৭ রানের পুঁজি গড়ে ওমান। দলটির পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬৯ রান করেন মোহাম্মদ নাদিম।
জবাবে ৩.১ ওভার বাকি থাকতেই ১৭৯ রানে গুটিয়ে যায় নেপাল। সর্বোচ্চ ৫৫ রান করেন শারদ ভেসাওকর। ওমানের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন জিসান মাকসুদ। ম্যাচসেরা হয়েছেন ওমানের মোহাম্মদ নাদিম।