ঢাকা সিটিতে বিজয়ীদের গেজেট প্রকাশ

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলরসহ সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে বিজয়ীদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিজয়ীরা এক মাসের মধ্যে শপথ গ্রহণ করবেন।

বুধবার সকালে নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসির এই কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন থেকে অনুমোদনের পর গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়। সেটা প্রকাশিত হয়েছে।

তিনি জানান, দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের ফল স্থগিত করা হয়েছে। এ কারণে সেই ওয়ার্ডের কাউন্সিলরের নাম গেজেটে রাখা হয়নি। বাকি সবার নামই গেজেটে এসেছে।

স্থানীয় সরকার আইন-২০০৯ অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সরকার বা সরকার মনোনীত কর্তৃপক্ষ মেয়র ও সব কাউন্সিলরের শপথের ব্যবস্থা করবে।