নির্বাচন কমিশনের (ইসি) অভ্যন্তরীণ বিষয়গুলো বাইরে প্রকাশ করা কোনোভাবেই যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘ইসির অভ্যন্তরীণ বিষয়গুলো বাইরে প্রকাশ করাটা কোনোমতেই যুক্তিযুক্ত হতে পারে না। যিনি বা যারা অভ্যন্তরীণ বিষয় নিয়ে মিডিয়ার সামনে কথা বলেন, এটা তার অযোগ্যতা বা অদক্ষতাই প্রমাণ করে বলে দেশবাসী মনে করে। সে ক্ষেত্রে যদি কেউ মনে করেন এ কাজ করার মতো সক্ষমতা হারিয়ে ফেলেছেন, তার সেই যোগ্যতা নেই, সেই পথও তার জন্য খোলা আছে। ইচ্ছে করলে তিনি অবসরেও যেতে পারেন।’ গতকাল বুধবার কুষ্টিয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন এই আওয়ামী লীগ নেতা।
বিএনপির আন্দোলন কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বিএনপির বিক্ষোভ-আন্দোলন সম্পর্কে বিএনপিই ভালো জানে। এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই, জনগণও এটা নিয়ে ভাবছে না। বিএনপি গত জাতীয় নির্বাচনের পর হরতাল ডেকেছিল। জনগণ ভোটের দিক থেকে যেমন বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, আন্দোলনের দিক থেকেও প্রত্যাখ্যান করেছে।’
বিএনপি সংগঠন হিসেবে এখন দেশের জনগণের কাছে ‘প্রত্যাখ্যাত দল’ উল্লেখ করে তিনি আরও বলেন, এই দলটা বিভিন্ন অপকর্মের কারণে জনগণের কাছে ধিক্কারের শিকার। এদের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের ভাবার কোনো প্রশ্নই ওঠে না, জনগণও ভাবে না।