বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৮ ফেব্রুয়ারির বিক্ষোভ সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা হয়।
লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত সোয়া ৮টা পর্যন্ত অনুষ্ঠিত সভা শেষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি। বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘সমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি।’ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
সমাবেশের অনুমতি চাইতে ডিএমপিতে বিএনপির প্রতিনিধি দল : নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাইতে গতকাল দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গিয়েছিল বিএনপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ও সেলিমুজ্জামান সেলিম।