নব্য জেএমবির (জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ) নারী শাখার প্রধানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তার নাম আসমানী খাতুন ওরফে আসমা ওরফে আমাতুল্লাহ ওরফে বন্দিজীবন ওরফে নিখোঁজ আলো (২৮)। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। আসমানী খাতুনের বাড়ি রাজবাড়ীর সদর থানার খানখানাপুর দক্ষিণপাড়া গ্রামে।
কাউন্টার টেররিজম (সিটি) বিভাগের উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, নব্য জেএমবির নারী শাখার প্রধানকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।