রাজশাহী থেকে ফেরার পথে নওগাঁর মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মান্দার রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে বেলা সাড়ে ১১টার দিকে হুইপ আবু সাঈদ স্বপনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি শঙ্কামুক্ত আছেন। তবে তার গানম্যান মাথায় বেশ আঘাত পেয়েছেন।
বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মসিউর রহমান।
হুইপকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন জেলা প্রশাসক (ডিসি) হারুন অর রশীদ এবং পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ফিরছিলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ স্বপন। এ সময় তার গাড়ির সামনে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি ছিল।
সড়কে হালকা যানজট দেখা দিলে হঠাৎ একটি ট্রাক্টর দুই গাড়ির মাঝে ঢুকে পড়ে। এ সময় ট্রাক্টরের সঙ্গে হুইপের গাড়ির ধাক্কা লাগে। এতে তিনি এবং তার গানম্যান আহত হন।