বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বাগি’র তৃতীয় ছবি নিয়ে হাজির হচ্ছেন হাল প্রজন্মের অ্যাকশন হিরো টাইগার শ্রফ। আগের দুই কিস্তির অসামান্য সাফল্যের ধারাবাহিকতায় এই ছবিতেও নিজের ক্যারিশমা দেখাতে প্রস্তুত তিনি।
বৃহস্পতিবার সকালে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘বাগি থ্রি’র টানটান ট্রেলার। ধামাকা অ্যাকশনে সেখানে দেখা গেল জ্যাকি শ্রফের ছেলেকে।
দ্বিতীয় ছবিতে দিশা পাটানির সঙ্গে দেখা গেলেও, এবার টাইগারের বিপরীতে দেখা যাবে প্রথম কিস্তির নায়িকা শ্রদ্ধা কাপুরকে।
ছবিতে সিরিয়ার একটি সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে একাই লড়াইয়ে নামে রনি তথা টাইগার। রিতেশ দেশমুখকে দেখা যাবে টাইগারের ভাইয়ের চরিত্রে। দাপ্তরিক কাজে বিদেশ পাড়ি দিতে হয় বিক্রমকে। সেখানেই অপহরণ করা হয় তাকে। বন্ধুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে রনি।
আগে দুই দ্বিতীয় কিস্তিকে নায়িকার জন্য লড়তে দেখা যায় টাইগারকে। এবার বোধহয় কাহিনি খানিকটা অন্যরকম হতে চলেছে।
৩ মিনিট ৪১ সেকেন্ডের এই ট্রেলার অনেককে মুগ্ধ করেছে অসাধারণ সব অ্যাকশন সিনে। এমন অ্যাকশন দৃশ্য আগে হিন্দি ছবিতে খুব একটা দেখা যায়নি। তবে ইতিমধ্যে অনেকেই বলা শুরু করেছেন চার-পাঁচ বছর আগের একটি দক্ষিণ ভারতীয় ছবিকে রিমেক করা হয়েছে ‘বাগি থ্রি’ হিসেবে।
আহমেদ খান পরিচালিত ও নাদিয়াদওয়ালা গ্র্যান্ড সনস প্রযোজিত ‘বাগি থ্রি’ মুক্তি পাবে ৬ মার্চ। টাইগার-শ্রদ্ধার পাশাপাশি রয়েছে বিশেষ এক চমক। ক্যামিও চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে।