ঢাকার দর্শকদের জন্য প্রদর্শিত হবে নাঈম মোহায়মেনের চলচ্চিত্র ‘ত্রিপোলি ক্যানসেলড’। এক ফেসবুক ইভেন্টের মাধ্যমে এই খবর জানা গেল।
ধানমন্ডির ২৭ নম্বর রোডের বেঙ্গল শিল্পালয়ের তৃতীয় তলায় ৬ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ (রবিবার ছাড়া) প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যায় ৬টায় দুটি করে প্রদর্শনী হবে।
‘ত্রিপোলি ক্যানসেলড’ চিত্রায়িত হয়েছে গ্রিসের একটি বিমানবন্দরে। ১৯৭০ এর দশকের আবহে যেখানে এক নিঃসঙ্গ ব্যক্তির নিত্যদিনের ঘটনা তুলে ধরা হয়েছে। যার প্রতিদিনের রুটিন হলো ধূমপান, চিঠি লেখা ও বাচ্চাদের বই পড়া।
ইন্টারনেট মুভি ডেটাবেজ তথা আইএমডিবি অনুসারে, নিজের বাবার জীবনের অভিজ্ঞতা নিয়ে ‘ত্রিপোলি ক্যানসেলড’ নির্মাণ করেছেন মোহায়মেন। যিনি ১৯৭৭ সালে পাসপোর্ট ছাড়া নয় দিনের জন্য আটকা পড়েন গ্রিসের ইলিনিকন এয়ারপোর্টে।
২০১৭ সালে গ্রিসের এথেন্সের ডকুমেন্টা ফোরটিনে ‘ত্রিপোলি ক্যানসেলড’-এর প্রিমিয়ার হয়। পরের বছর ব্রিটেনে টার্নার প্রাইজে মনোনয়ন পায়।
প্রদর্শনীটির কিউরেটর হিসেবে আছেন তানজিম ওয়াহাব। তিনি ছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বেঙ্গল শিল্পালয়ের নিচতলায় নাঈম মোহায়মেনের আলাপে সঙ্গে অংশ নেবেন সেউতি সবুর ও মানস চৌধুরী।