ইতিহাস বিকৃত করার অভিযোগে বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘শিকারা: দ্য আনটোল্ড স্টোরি অব কাশ্মীরি পণ্ডিতস’-এর বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা।
আনন্দবাজার পত্রিকা জানায়, অবিলম্বে ওই ছবির মুক্তি স্থগিত করার আরজি জানিয়েছেন তিন ব্যক্তি।
কাশ্মীরি পণ্ডিতদের জীবন নিয়ে নির্মিত ‘শিকারা’ মুক্তির কথা রয়েছে শুক্রবার। কিন্তু তার আগেই বিতর্ক ও আইনি জটিলতার মুখে বিধু বিনোদের ছবি।
মামলাকারীদের বক্তব্য, ছবির ট্রেলারে কাশ্মীরের মুসলমানদের নিষ্ঠুর ও খল হিসেবে দেখানো হয়েছে। তাদের মতে, স্থানীয় মুসলিম ও শিখ সম্প্রদায় কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছেড়ে যাওয়ার ঘোর বিরোধী ছিল। তারা কাশ্মীর না ছাড়তে অনুরোধ করেছিলেন কাশ্মীরি পণ্ডিতদের। আর যাদের জন্য কাশ্মীরি পণ্ডিতেরা ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন তারা সন্ত্রাসবাদী।
মামলাকারী মাজিদ হায়দারি, ইফতিকার মিসগার ও ইরফান হাফিজের মতে, সন্ত্রাসবাদী ও সাধারণ মানুষের মধ্যে গুলিয়ে ফেলেছেন পরিচালক। কাশ্মীরি পণ্ডিতদের এই অবস্থার জন্য সেখানকার সব মুসলমানকে দায়ী করা মোটেই উচিত নয়।
পিটিশনে আরও লেখা হয়েছে, ইচ্ছা করে এই সময়কেই ছবিটি মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে। এর পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে পারে। যারা কোনো দিন কাশ্মীর যাননি, এই ছবির মাধ্যমে তাদের মাঝে কাশ্মীরিদের সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি হবে।
এ দিকে মঙ্গলবার টুইটারে বিধু বিনোদ চোপড়া লেখেন, “আমরা শুনেছি মামলা দায়ের করা হয়েছে। এই ব্যাপারে আমার কাছে আর কোনো খবর নেই। যদি প্রয়োজন হয় আমরা সেই মতো পদক্ষেপ করব।”
পরিচালকের পাশে দাঁড়িয়েছেন ‘শিকারা’র চিত্রনাট্যকার অভিজাত যোশী। বলেন, “এই ছবিটি তার ফেলে আসা ঘরের প্রতি চোপড়ার শ্রদ্ধার্ঘ্য।” বিধু নিজেও কাশ্মীরি পণ্ডিত। ১৯৯০ সালে কাশ্মীরের টালমাটাল পরিস্থিতিতে ঘর ছাড়তে হয়েছিল তাকেও।