বিএনপির পুনর্নির্বাচন দাবি মামাবাড়ির আবদার: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির পুনর্নির্বাচন দাবি মামাবাড়ির আবদার।

বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির পুনর্নির্বাচনের দাবি মামা বাড়ির আবদার। সিটি নির্বাচনে জালিয়াতি, ভোট কারচুপির কোনো সুযোগ নেই। কারচুপি বা ভোট জালিয়াতি হলে ভোট আরও বেশি কাস্ট হতো। বিএনপি বিরোধিতার জন্যই বিরোধিতা করছে।’

প্রসঙ্গত, ভোটার ও এজেন্টদের বাধা প্রদান, কারচুপি ও অনিয়মসহ বিভিন্ন অভিযোগ এনে ঢাকার দুই সিটি করপোরেশনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে কোনো কারচুপি-জালিয়াতি হয়নি। বিএনপিও জানে বিক্ষিপ্ত দু-একটি ঘটনা ছাড়া ফ্রি-ফেয়ার ইলেকশন হয়েছে।

তিনি বলেন, ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া আওয়ামী লীগ স্বস্তি পেয়েছে। এই নির্বাচন নিয়ে পর্যবেক্ষকদের কোনো অভিযোগ নেই। শুধু অভিযোগ আছে বিএনপির।

বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে অনুষ্ঠেয় সমাবেশে দলটির আওয়ামী লীগের সহযোগিতা কামনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঢাকা শহরে সমাবেশ করেছে, সারাদেশে সমাবেশ করেছে। কোনো সমাবেশে আওয়ামী লীগ সমস্যার সৃষ্টি করেছে, বাধা দিয়েছে এমন একটা উদাহরণ কেউ দিতে পারবে না।

তিনি বলেন, সমাবেশ সুশৃঙ্খল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা রয়েছে। সমাবেশে নিরাপত্তার বিষয় রয়েছে। সভা-সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার বিএনপির রয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নিয়ে বিএনপি সমাবেশ করলে, আমরা কোনো বাধা দেখছি না।

অসমাপ্ত জেলা সম্মেলনগুলো প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ও ১৩ তারিখ কোটালিপাড়া ও টুঙ্গিপাড়ায় সম্মেলনের মধ্য দিয়ে তা শুরু হবে। সংগঠনকে শক্তিশালী ও পুনর্বিন্যাস করা হবে। জেলা সম্মেলনের আগে তৃণমূলের সম্মেলন হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য খ ম জাহাঙ্গীর, মারুফা আক্তার পপি, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।