মার্ভেল কমিকসের হিট সুপারহিরো সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর দ্বিতীয় কিস্তি পরিচালনা করছেন না স্কট ডেরিকসন। তার জুতায় পা গলাবেন ‘স্পাইডার-ম্যান ট্রিলজি’-খ্যাত স্যাম রাইমি।
ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়, এটা নিশ্চিত যে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন রাইমি। আর নির্বাহী প্রযোজকের দায়িত্ব নিচ্ছেন ডেরিকসন।
গত গ্রীষ্মে সান ডিয়েগো কমিক-কনে বেনেডিক্ট ক্যাম্বারব্যাচ অভিনীত সিক্যুয়ালটির ঘোষণা আসে। ডেরিকসন একে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) প্রথম ভয়ের মুভি বলেও উল্লেখ করেন। আর প্রাথমিক ঘোষণা হিসেবে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ মুক্তি পাবে ২০২১ সালের ৭ মে। শুটিং শুরু হবে সামনের মে মাসে।
মার্ভেলের আরেক সুপারহিরো স্পাইডার-ম্যানকে নিয়ে ২০০২ সালে সনি পিকচার্সের জন্য প্রথম ছবিটি নির্মাণ করেন রাইমি। এই ট্রিলজির মোট আয় দাঁড়ায় ২৫০ কোটি ডলারের বেশি।
‘ডক্টর স্ট্রেঞ্জ টু’তে স্কারলেট উইচ চরিত্রে ক্যাম্বারব্যাচের সঙ্গে দেবেন এমসিইউ-এর পরিচিত মুখ এলিজাবেথ ওলসেন। এ ছাড়া ওং ও ভিলেন কার্ল মর্দো চরিত্রে থাকছেন যথাক্রমে বেনেডিক্ট ওং ও চুয়াটেল এজিওফর।
২০১৬ সালে মুক্তি পায় ‘ডক্টর স্ট্রেঞ্জ’। সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৬৭ কোটি ডলারের বেশি।
‘স্পাইডার-ম্যান’ ছাড়াও স্যাম রাইমির ঝুলিতে রয়েছে বেশ কিছু আলোচিত ছবি। এর মধ্যে আছে কাল্ট হরর ‘ইভিল ডেড’ সিরিজ, ডার্কম্যান, আ সিম্পল প্ল্যান, দ্য গিফট, ড্রাগ মি টু হেল ও ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল। এ ছাড়া বেশ কিছু সিনেমা প্রযোজনাও করেছেন তিনি।