বিশ্বে ২০ কোটিরও বেশি নারী ও মেয়ে শিশু ফিমেল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) বা খতনার শিকার হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
চলতি বছরে আরও ৪০ লাখের মতো মেয়ে এ ঝুঁকির মধ্যে রয়েছে জানিয়ে গুতেরেস বলেছেন, ‘জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দশকের মধ্যে রয়েছে, আসুন এ দশককে আমরা মেয়েদের খতনাকে শূন্যে নামিয়ে আনি।’
মেয়েদের খতনার বিরুদ্ধে আন্তর্জাতিক জিরো টলারেন্স দিবস উপলক্ষে এক বাণীতে জাতিসংঘ মহাচিব বলেন, মেয়েদের খতনার বিষয়টি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোয় গভীরভাবে আবদ্ধ।
তিনি বলেন, এটি মানবাধিকারের লঙ্ঘন এবং মেয়েদের বিরুদ্ধে চরম আকারের সহিংসতা। তবে ভাগ্যক্রমে, ২০০০ থেকে ২০১৮ সালে এটি ২৫ শতাংশ কমেছে।
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই এসব পরিবর্তনের (মেয়েদের খতনা) বিরুদ্ধে কণ্ঠ সোচ্চার করতে হবে এবং তাদের অধিকারের পক্ষে দাঁড়াতে হবে’।