প্রকাশনা ব্যবসায় নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান

নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান প্রকাশনা জগতে প্রবেশ করলেন। এবারের বইমেলা ২০২০ তে তার নতুন প্রকাশনা সংস্থা ‘পার্বণ প্রকাশ’ থেকে মোট চারটি বই প্রকাশিত হয়েছে। এ উপলক্ষ্যে ৭ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে তিনি এক প্রকাশনা উৎসব ও পাঠ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছেন।

প্রকাশিত চারটি বইয়ের মধ্যে ‘দাঁড়াও সভ্যতা’ নামে মাসুদ সেজানের একটি কবিতার বইও আছে। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে, ‘আবৃত্তি : নির্বাচিত প্রবন্ধ ও ১০০ কবিতা’ নামের একটি গ্রন্থ। মাসুদ সেজানের দশটি নাটক নিয়ে গল্প লিখেছেন সারফুদ্দিন আহমেদ, যা ‘সেজানের নাটক থেকে গল্প’ শিরোনামে আসছে। এর বাইরে ‘নোবেলজয়ীদের কবিতা’র একটি অনুদিত গ্রন্থ যা বাঙলায়ন করেছেন কবি রহমান হেনরী।