শাহজালালে ৩২৮ কার্টন সিগারেটসহ গ্রেপ্তার ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২৮ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেটসহ মো. মঞ্জুর আলী (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। গতকাল বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি।

এএপির অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, গালফ এয়ারের একটি ফ্লাইটে (জিএফ ৫০৭) বাহারাইন থেকে ঢাকায় আসেন মঞ্জুর। পরে তাকে সিগারেটসহ গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মঞ্জুর জানিয়েছেন, দুবাই অবস্থানরত আজগর আলী চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের মো. পারভেজ নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য সিগারেটগুলো তাকে দিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। শিমুল আরও জানান, জব্দ সিগারেটের মধ্যে ইজি স্পেশাল গোল্ড, ৩০৩ এসএস ব্রাউন, ৩০৩ এসএস বø্যাক ব্র্যান্ড রয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮৪ হাজার টাকা।