সাকিব-মুশফিকদের অভিনন্দনে সিক্ত যুবারা

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালরা পারেননি। পারেননি তাদের আগে মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীসরা। মেহেদী হাসান মিরাজরা থেমেছেন খুব কাছে গিয়ে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তাই বাংলাদেশের জন্য চাপা একটা হাহাকারের নামই ছিল এত দিন।

তবে আকবর আলী, মাহমুদুল হাসান জয়রা তাদের পূর্বসূরিদের না পারার বেদনা দূর করলেন। দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখন ফাইনালে মঞ্চে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবার এই অর্জন বাংলাদেশ যুব দলের। আকবর, তৌহিদ, জয়দের তাই অভিনন্দন জানাতে ভোলেননি তাদের সিনিয়ররা।

বৃহস্পতিবার যুব বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে যুবাদের বন্দনা।

সাকিব আল হাসান অনূর্ধ্ব-১৯ দলের একটি ছবি পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে। যে ছবির গায়ে লেখা, ‘ইতিহাস গড়ল তরুণ টাইগাররা।’

এ ছাড়া আলাদা করে ক্যাপশনও দিয়েছেন সাকিব, ‘ইতিহাস গড়ল তরুণ বাঘেরা! দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে কিউই যুবাদেরকে হারিয়ে অনুর্ধ-১৯ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে পা দিল বাংলাদেশের যুবারা।’

মুশফিকুর রহিম অভিনন্দন জানিয়ে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে এই প্রথম। অভিনন্দন ছেলেরা।’

বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার আগে আরো একটি পোস্ট করেছিলেন মুশফিক। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরির ভিডিও পোস্ট করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। অভিনন্দন ব্রাদার। শান্ত থাকো এবং আরো একটি ধাপ পাড়ি দিতে হবে জুনিয়র টাইগাররা। এগিয়ে যাও বাংলাদেশ।’

মাহমুদউল্লাহ রিয়াদ যুবাদের উল্লাসের ছবি পোস্ট করে শিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছার জন্য অভিনন্দন তরুণ টাইগারদের।’

জাতীয় দলের সাবেক ওপেনার জুনায়েদ সিদ্দিকি তার ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সবাইকে অভিনন্দন।’ জুনায়েদ আইসিসির পোস্ট করা বাংলাদেশের যুবাদের উল্লাসের ছবি শেয়ার করে এই কথা লেখেন।

রুবেল হোসেন তার ফেইসবুক পোস্টে লেখেন, ‘ফাইনালে কোয়ালিফাই করার জন্য অভিনন্দন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে।’ মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘বাংলাদেশ ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল। সেরটার জন্য এগিয়ে যাও জুনিয়র টাইগাররা।’