করোনাভাইরাসে বাংলাদেশ যে আক্রান্ত হবে না, সে সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, ‘এজন্য আগে থেকেই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সচেতনতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে ডিএসসিসি আয়োজিত ‘করোনাভাইরাস প্রতিকারে করণীয়’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনারে মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর। আমরা নিত্যপ্রয়োজনীয় প্রায় ৯০ শতাংশ চীনের পণ্য ব্যবহার করি। আমাদের পদ্মা সেতুও তারা তৈরি করছে। চীনাদের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি যোগাযোগ রয়েছে। আশার কথা এখনো আমাদের এখানে কেউ আক্রান্ত হয়নি। তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ বাস্তবতাকে সামনে রেখে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা যেভাবে পরামর্শ দিয়েছেন, তা মেনে চলা উচিত।’
তিনি আরও বলেন, ‘যদি কোনোভাবে ভাইরাসটি বাংলাদেশে এসে যায়, ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হবে। এজন্য আগে থেকেই সচেতনতামূলক প্রতিকার ব্যবস্থা নিতে হবে। এসব বালা-মসিবত থেকে রক্ষা পেতে আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে।’
সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতংকিত না হয়ে প্রতিরোধের বিষয়ে জোর দিতে হবে। কারণ প্রতিরোধই প্রতিকার। এখনই প্রতিরোধে মনোযোগ দিলে বাড়তি কিছুর প্রয়োজন হবে না।’