ঐতিহাসিক লালদীঘি মাঠে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে লাখো মানুষকে শপথ করিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চসিক আয়োজিত মহাসমাবেশে তিনি এ শপথবাক্য পাঠ করান।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, এতদিন ৪১ ওয়ার্ডের সব মানুষকে নিয়ে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, যৌতুক ও দুর্নীতিবিরোধী জনমত তৈরি করতে সভা-সমাবেশ করেছি। আজ মহাসমাবেশ করছি। আমাদের মূল লক্ষ্য নগরকে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও যৌতুকমুক্ত করা।
মহাসমাবেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘মাদক সহ্য করলে, এটি আমাদের ধ্বংস করে দেবে। সময় এসেছে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। মাদকসেবীরা জানোয়ারে পরিণত হয়। তাই মাদক থেকে দূরে থাকুন।’
চসিকের কাউন্সিলর এইচএম সোহেলের সভাপতিত্বে ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য রাখেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম ও প্যানেল মেয়র নিছারউদ্দিন আহমেদ মঞ্জু।