চীনে মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৩৬-তে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১৬১ জন।
শুক্রবার সকালে দেশটির ন্যাশনাল হেলথ কমিশনের বরাতে এই খবর দিয়েছে বিবিসি, আলজাজিরা, রয়টার্স।
বৃহস্পতিবার একদিনে রেকর্ড সংখ্যক ৭৩ জনের মৃত্যু ঘটে। তার আগের দিনও সমসংখ্যক লোক মারা যায়। নিহতদের ৬৯ জন হুবেই প্রদেশের। যার মধ্যে ৬৪ জন প্রদেশটির শহর উহানের। যেখান থেকে করোনাভাইরাসটি ছড়িয়ে পড়ে।
আক্রান্তের সংখ্যা একদিনে আরও ৩১৪৩ জন বেঁড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ১৬১ জনে।
চীনের বাইরেও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে জাপানের একটি বন্দরে নোঙর করা প্রমোদতরীতে আরও ৪১ জন আক্রান্তের খবর নিশ্চিত করেছে। এর আগ জাহাজটিতে ১০ জনের দেহের করোনাভাইরাস শনাক্ত করা হয়।
অন্তত ২৫টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। মারা গেছে হংকং ও ফিলিপাইনের দুই নাগরিক।
এমন উদ্বেগজনক পরিস্থিতিতে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) আগামী সপ্তাহে জরুরি বৈঠক ডেকেছে। ইতিমধ্যে গত সপ্তাহে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে সংস্থাটি।
ডব্লিউএইচের নেতৃত্বে একটি বহুজাতিক প্রতিনিধি দল ‘খুব শিগগিরই’ চীনে যাচ্ছে বলে সংস্থাটি জানায়।
বিশ্বজুড়ে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে এবং আক্রান্ত দেশগুলোকে সহায়তার জন্যর ৬৭৫ মিলিয়ন ডলারের অর্থ তহবিল ঘটনের আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।