অনেক উন্নত দেশের চেয়ে ঢাকা সিটিতে ভালো ভোট হয়েছে: তথ্যমন্ত্রী

অনেক উন্নত দেশের চেয়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ভালো হয়েছে বললেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার সকালে পাবনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই সব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়নি। অনেক উন্নত দেশের তুলনায় ভালো ভোট হয়েছে। ইভিএমে ভোট কারচুপির সুযোগ নাই।”

সঙ্গে যোগ করেন, বিএনপির ইভিএম বিরোধী অপপ্রচারের কারণে ভোটাররা নির্বাচনে আগ্রহ হারিয়েছে। নির্বাচনী নাশকতার যে সংস্কৃতি বিএনপি চালু করেছে তার কারণেও সিটি ভোটার উপস্থিতি কম হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, “মির্জা ফখরুল ইসলাম যেভাবে কথা বলেছেন তাতে মনে হয় বেসরকারি সংস্থার টাকা সরকারি কোষাগারে নেওয়া হবে। বিষয়টি তা নয়। এগুলো সরকারের বিভিন্ন সংস্থার উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে নেওয়ার জন্য সংসদে বিল পাস হয়েছে। এটি নিঃসন্দেহে একটি ভালো আইন। এর মাধ্যমে অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হবে। আসলে সবকিছুতে ভুল ধরা বিএনপির বদঅভ্যাসে পরিণত হয়েছে।”

বিএনপি সে বদঅভ্যাস থেকে বেরিয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কারণে সারা বিশ্বে সংবাদমাধ্যমকে প্রতিযোগিতা করতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার জন্য নয়, নিয়ম-নীতির মধ্যে আনার জন্য কাজ চলছে।”

মতবিনিময়কালে অন্যদের মধ্যে ছিলেন টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অঞ্জন চৌধুরী।

পরে পাবনা এডওয়ার্ড কলেজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি। প্রধান বক্তার বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সভায় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।