প্রথম বিয়ে গোপন করায় স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা

ঢাকার কেরানীগঞ্জে স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সেই ছুরি দিয়ে নিজেই আত্মহত্যা করেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১টায় আগানগর ইউনিয়নের আলম মার্কেট বেড়িবাঁধ এলাকায়।

নিহত স্বামীর নাম মো. রাসেল (২৫) আহত স্ত্রীর নাম মোসা: আম্বিয়া (২৩)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই সৌরভ কুণ্ড জানান, কলহের জের ধরে ঘটনাটি ঘটেছে। রাসেলের সঙ্গে আম্বিয়ার বিয়ে হয় ছয় মাস আগে। আম্বিয়ার আগে আরেকটা বিয়ে হয়েছিল, ওই সংসারে এক ছেলে সন্তানও আছে। বিষয়টি গোপন করেই রাসেলকে বিয়ে করেন আম্বিয়া। এ ঘটনাটি কিছুদিন আগে রাসেল জানতে পারলে তাদের মধ্যে কলহ শুরু হয়। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে আলম মার্কেটের সামনে স্বামী-স্ত্রীর মধ্য প্রচণ্ড ঝগড়া হলে রাসেল তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে আম্বিয়াকে আঘাত করে পরে নিজেই নিজের বুকে ছুরি চালায়।

তিনি বলেন, এলাকাবাসী থানায় খবর দিলে আমি ঘটনাস্থলে এসে জানতে পারি দুজনকে লোকজন ধরাধরি করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। মিটফোর্ড হাসপাতালে রাসেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আম্বিয়ার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত আম্বিয়ার সঙ্গে কথা বললে তিনি জানান, রাসেল তাকে ছুরিকাঘাত করে নিজেই নিজের বুকে ছুরি চালিয়েছে।

পুলিশ জানায়, নিহত রাসেলের বাবার নাম সেলিম হাওলাদার। তাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা থানার কুড়িয়া গ্রামে। তিনি গুলিস্তানে একটি জুতার মার্কেটে চাকরি করতেন। আম্বিয়ার বাবা মৃত আব্দুর রশিদ। তাদের গ্রামের বাড়ি বরিশালের ভোলা জেলার লালমোহন। তারা কেরানীগঞ্জের তৈলঘাট এলাকায় হাক্কানি মসজিদের পাশের বাড়িতে ভাড়া থাকত।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান বলেন, ঘটনাটি খুব মর্মান্তিক। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।