ওবায়দুল কাদেরের বক্তব্যে আমাদের কিছু যায় আসে না: টুকু

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে বিএনপির কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার তিনি বলেছেন, ওবায়দুল কাদের বিএনপি আতঙ্কে থাকেন এবং সে জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে বিএনপিকে একহাত নেন।

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণের সময় বিএনপির এ নেতা আরো বলেন, ‘এ জন্য ওবায়দুল কাদেরের বক্তব্যে আমাদের কিছু যায়-আসে না।’

তিনি বলেন, আমরা একটি আন্দোলনে আছি। তাই আমাদের লাখ লাখ নেতাকর্মী মামলা ও হামলার শিকার হয়ে জেলে আছেন।

সরকারের ওপর মানুষের যে আস্থা নেই তা সম্প্রতি অনুষ্ঠিত সিটি নির্বাচনে প্রমাণ হয়ে গেছে দাবি করে টুকু বলেন, ‘বিএনপির আগামীকালের (শনিবারের) সমাবেশ যেন জনসমুদ্রে পরিণত হয় সেজন্য আমরা কাজ করছি।’

শুক্রবার কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন বিএনপির জেষ্ঠ নেতারা। 

রাজধানীর বিভিন্ন মসজিদে জুমার নামাজে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়।  

পরে নেতারা লিফলেট বিতরণ করেন। কেউ কেউ সকালে, কেউ আবার বিকেলে লিফলেট বিতরণ করেন।

বিএনপি জানায় তাদের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাককে সঙ্গে নিয়ে সূত্রাপুরে, মির্জা আব্বাস শাহজাহানপুরে, ইকবাল হাসান মাহমুর টুকুর সঙ্গে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও শিমুল বিশ্বাস মোহাম্মাদপুর, ড. আব্দুল মঈন খান গুলশান, নজরুল ইসলাম খান বনানী, আব্দুল্লাহ আল নোমান ধানমন্ডি, বরকত উল্লাহ বুলু উত্তরা, মো. শাহজাহান বাড্ডা, আব্দল আউয়াল মিন্টু কাফরুল, শামসুজ্জামান দুদু রামপুরা, গয়েশ্বর চন্দ্র রায় নয়াপল্টন, ডা. এ জেড এম জাহিদ শাহবাগ, নিতাই রায় চৌধুরী, জয়নুল আবদীন ফারুক পল্লবী, হাবিবুর রহমান হাবিব আদাবর, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কাফরুল, আবুল খায়ের ভূইয়া মিরপুর, অ্যাডভোকেট আহমেদ আযম খান তেজগাঁও, আব্দুস সালাম বংশাল নয়াবাজারে লিফলেট বিতরণ করেন।