প্রক্সি পরীক্ষা দিতে এসে ধরা খেলেন তরুণীসহ ৩ জন

পটুয়াখালীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের প্রথম বর্ষের পরীক্ষায় প্রক্সি দিতে এসে এক তরুণীসহ তিনজন ধরা পড়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আটকের পর কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছর করে কারাদণ্ড দেয়।

দণ্ডিতরা হলেন কলাপাড়া উপজেলার দিগর বালিয়াতলী এলাকার ফাহিমা (১৯), দিয়ারা অমখোলা এলাকার ফারুক (২৯) এবং পটুয়াখালী সদর থানার অলিউল্লাহ (৩২)। কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব খলিলুর রহমান জানান, গণিত পরীক্ষায় নয়া মিস্রিপাড়ার নুরুন নাহার, মহিপুরের সাইফুল ইসলাম এবং তিতকাটা গ্রামের আবুল বশারের বদলে দণ্ডিতরা প্রক্সি পরীক্ষা দিচ্ছিল।