চট্টগ্রামের মিরসরাইয়ে যেসব শিক্ষার্থী বিদ্যালয়ের পড়া নিয়মিত শিখতে পারে না কিংবা প্রাইভেট পড়ার সামর্থ্য নেই তাদের জন্য খোলা হয়েছে ৪০টি বৈকালিক পাঠদান কেন্দ্র। অনেক শিক্ষার্থী শিক্ষকের দেওয়া পাঠ শিখতে না পেরে ভয়ে বিদ্যালয়ে যায় না। ফলে বাড়তে থাকে বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। তেমন শিক্ষার্থীদের জন্য উন্নয়ন সংস্থা অপকা মিরসরাইয়ের করেরহাটে খুলেছে বৈকালিক পাঠদান কেন্দ্র। শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয় কিংবা মাদ্রাসা থেকে এসে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বৈকালিক পাঠদান কেন্দ্রে পড়াশোনা করতে পারবে।
জানা গেছে, মিরসরাইয়ের করেরহাটে ঝরে পড়া রোধে এমন উদ্যোগ নিয়েছে উন্নয়ন সংস্থা অপকা (অর্গানাইজেশন ফর দ্য পুওর অ্যাডভান্সমেন্ট)। অপকার উদ্যোগে মিরসরাইয়ের বৃহত্তর করেরহাট ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৪০টি বৈকালিক পাঠদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। শিক্ষক রয়েছে ৪০ জন। বর্তমানে ৪০টি বিদ্যালয়ে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থী পড়ে। এসব শিক্ষার্থী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি বৈকালিক পাঠদান কেন্দ্রে শিক্ষা গ্রহণ করছে। যেসব শিক্ষার্থীর প্রাইভেট পড়ার সামর্থ্য নেই কিংবা বিদ্যালয়ে নিয়মিত পড়া না পারায় ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে চায় না তাদের জন্য বৈকালিক স্কুল।
করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বৈকালিক পাঠদান কেন্দ্রের উপকারিতার কথা স্বীকার করে বলেন, এসব পাঠদান কেন্দ্রের ভূমিকা স্থানীয়রা সব সময় মনে রাখবে।