ভূমিদস্যুদের দখলে থাকা ভূমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বরাদ্দ এবং সরকারি ঘর তাদের দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কৃষক ফেডারেশন ও কৃষাণী সভা বরিশাল। গতকাল শুক্রবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, নগরীর রসুলপুর চর ও নদী ভাঙনকবলিত মানুষদের নিজ নিজ স্থানে খাসজমি বরাদ্দ দিতে হবে। এছাড়া বরিশাল অঞ্চলের জমি ভূমিদস্যুদের দখলে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন করতে হবে। তাদের অভিযোগ, বর্তমান সরকার উপজেলায় হতদরিদ্র প্রকৃত ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রামে টিনের ঘর উত্তোলন করছে। স্থানীয় প্রতিনিধিরা এসব ঘর প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ না দিয়ে জটিলতা সৃষ্টি করছেন।
কৃষক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি হারুন ভাণ্ডারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে কৃষাণী সভা বরিশাল জেলা কমিটির সভাপতি রেহানা বেগম মিতু, কৃষক ফেডারেশন জেলা সাধারণ সম্পাদক হালিম মোহরী, সাধারণ সম্পাদিকা রেনু বেগম, প্রচার সম্পাদক ইউসুব আকন, সাংগঠনিক সম্পাদিকা মনি বেগম ও জেলা ও মহানগরের নেতারা বক্তব্য রাখেন।