ক্যানসার প্রতিরোধ সম্মেলনে বক্তারা

ক্যানসারে দেশে প্রতি বছর দেড় লাখ মৃত্যু

দেশে বর্তমানে ক্যানসার রোগী প্রায় ১৫ লাখ। ২০৩০ সাল নাগাদ আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হবে। আর প্রতি বছর ক্যানসারে গড়ে প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হচ্ছে। গতকাল শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘ক্যানসার প্রতিরোধে দেশে প্রথম আন্তর্জাতিক সম্মেলনে’ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এসব তথ্য জানান। ক্যানসার রোগী কমাতে চিকিৎসকের কাছে থাকা তথ্যকে বার্তায় রূপান্তর করে সবার মধ্যে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন তারা।সম্মেলনে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল সেন্টারের ক্যানসার প্রতিরোধ বিভাগের প্রধান অধ্যাপক ডা. গোরভী মিশ্রা বলেন, ‘এ অঞ্চলে ক্যানসার আক্রান্তের সংখ্যা বাড়ছে। মেয়েদের ব্রেস্ট ক্যানসার ব্যাপক আকার নিয়েছে। এ বিষয়ে এখনই সবাইকে সচেতন করতে হবে। শৃঙ্খলা মেনে চলতে হবে।’

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের উপাচার্য ডা. ফরিদুল আলম বলেন, ‘আন্তর্জাতিক গবেষণা অনুসারে আমাদের দেশে প্রতিবছর গড়ে দেড় লাখ মানুষ ক্যানসারে মারা যাচ্ছেন।’ ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মাসুদুল হক বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান ক্যানসার সচেতনতা, স্ক্রিনিং এবং ক্যানসার রোগী ও তার পরিবারের পুনর্বাসনে কাজ করে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্তন ও জরায়ু ক্যানসার সচেতনতায় বিশেষ কার্যক্রম নিয়েছি।’ ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ডা. এমএ হাই। এতে আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যানসার বিভাগের চেয়ারম্যান ডা. সারোয়ার আলম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের নন কম্যুনিকেবল ডিজিজেস বিভাগের প্রধান ডা. মিথিলা ফারুকী, ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ডা. মোহাম্মদ মাহমুদুল হক প্রমুখ।