সব কারখানায় যৌন নিপীড়নবিরোধী অভিযোগ সেল গঠন ও ধর্ষকের বিচার দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। গতকাল শুক্রবার বিকেলে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি আশুলিয়া শাখা এ কর্মসূচি পালন করে। সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, ‘গত ১৫ জানুয়ারি বাসাভাড়া না পেয়ে মালিক সহযোগীদের নিয়ে স্বামীকে আটকে রেখে এক পোশাকশ্রমিককে ধর্ষণ করে। গত বছরের ৩১ ডিসেম্বর কাফরুলে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা আরেক শ্রমিককে দল বেঁধে ধর্ষণ করে। আমরা সব ধর্ষকের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘কারখানায় অহরহ নারীশ্রমিকরা যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। কিন্তু অভিযোগ পর্যন্ত করতে পারছেন না। আমরা উচ্চ আদালতের নির্দেশনা মেনে সব কারখানায় যৌন নিপীড়নবিরোধী অভিযোগ সেলের দাবি জানাচ্ছি।’
সংগঠনের আশুলিয়া শাখার সভাপ্রধান বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামা, গার্মেন্টস টিইউসির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।