রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা মানসিকভাবে বিপর্যস্ত : তাজুল

রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা মানসিক ও পারিবারিকভাবে বিপর্যস্ত বলে মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল শুক্রবার উখিয়ার কুতুপালাং রোহিঙ্গা ক্যাম্প-৪ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করে তিনি বলেন, স্থানীয় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার জন্য আন্তর্জাতিক সংস্থাসহ দেশি-বিদেশি এনজিওদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি দ্রুত রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর জন্য উন্নয়ন সহযোগীদের আন্তর্জাতিক পর্যায়ে বেশি ভূমিকা রাখতে হবে। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গাদের এখানে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। একজন মানুষ সুন্দরভাবে বাঁচার জন্য যা প্রয়োজন তার সবকিছুর ব্যবস্থা করা হবে। তিনি বলেন, রোহিঙ্গারা যেন স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মিশে না যায় সে জন্য সরকার কাঁটাতারের বেড়া দিয়ে রোহিঙ্গা ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করেছে। রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পরিবেশ, পানি, জলাশয় ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে আরও বেশি কাজ করতে হবে।

এর আগে মন্ত্রী কুতুপালাং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্র্তৃক সুপেয় পানির পাম্প উদ্বোধন করেন। এ ছাড়া ক্যাম্প-২০ এক্সটেনশনের ইমার্জেন্সি অ্যাসিসট্যান্স প্রকল্প (এলজিইডি অংশ) ও ফুড ডিস্ট্রিবিউশন পয়েন্ট উদ্বোধন করেন। পরে কয়েকটি রোহিঙ্গা পরিবারের সঙ্গে আলাপ করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপের পর তাজুল ইসলাম উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প-১২ আইএমও পরিচালনাধীন সুপেয় পানির পাম্প কার্যক্রম পরিদর্শন করেন।