কাশ্মীরের গৃহবন্দি নেত্রী মেহবুবা মুফতির সঙ্গে তার মেয়ে কীভাবে যোগাযোগ করতেন সেটি তিনি নিজেই জানিয়েছেন। বলেছেন, রুটির বাক্সে চিঠি লিখে মায়ের কাছে পাঠাতেন।
আগস্টের ৫ তারিখে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ সরিয়ে নেওয়ার পরই আটক করা হয় সেখানকার সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে। বন্দিত্বের ছয় মাস কাটতেই তাদের বিরুদ্ধে গণনিরাপত্তা আইন প্রয়োগ করে বিজেপি সরকার।
মেহবুবার মেয়ে ইলতিজা মুফতি মায়ের টুইটার থেকে জানিয়েছেন, মেহবুবাকে বন্দি করার পরের সপ্তাহটি কেটেছিল চরম উদ্বেগে। তারপর মায়ের লেখা একটি চিঠি হাতে আসে। যে টিফিনবক্সে বাড়ি থেকে খাবার পাঠানো হয়েছিল, তার ভেতরে চিঠিটি লিখে পাঠিয়েছিলেন মেহবুবা। সে সময়ে মায়ের সোশ্যাল মিডিয়া ইলতিজা চালাচ্ছিলেন।
পিডিপি নেত্রী চিঠিতে জানান, ‘আমি সোশ্যাল সাইট ব্যবহার করি, সেটা সরকার চায় না। আমার অ্যাকাউন্ট অন্য কেউ চালালে তার বিরুদ্ধে মামলা করা হতে পারে।’
কীভাবে তার জবাব দেওয়া যায়? ইলতিজা জানাচ্ছেন, তার দাদি সেই কৌশল বের করেন। কাগজে উত্তরটি লিখে ছোট করে মুড়ে আর একটি কাগজ দিয়ে সিল করে তার পরে একটি রুটির লেচির মাঝখানে ভরে দেওয়া হয়। সেই রুটি সেঁকে বন্দিশালায় পাঠিয়ে দেওয়া হয় মায়ের কাছে।
মেহবুবা-কন্যা জানিয়েছেন, উপত্যকা জুড়ে নেট পরিষেবা বন্ধ থাকলেও কীভাবে যেন তাদের বাড়ির ব্রডব্যান্ড কাজ করেছে। তাই সোশ্যাল সাইটে সক্রিয় থাকতে পেরেছেন তিনি।