অস্কারে সেরার দৌড়ে থাকা ছবিগুলো বক্স অফিসেও সফল

বলা হয়ে থাকে, পুরস্কারের আসরে এগিয়ে থাকা ছবিগুলো অনেক ক্ষেত্রে বক্স অফিসে সফল নয়। মজার বিষয় হলো, এবারের অস্কারে সেরা দৌড়ে থাকা সিনেমাগুলোর বেশির ভাগই বাণিজ্যিকভাবে সফল। অন্তত ছয়টির আয় ১০ কোটি ডলারের বেশি।

এবার সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ফোর্ড ভার্সেস ফেরারি, দ্য আইরিশম্যান, জোজো র‌্যাবিট, জোকার, লিটল ওম্যান, ম্যারেজ স্টোরি, ১৯১৭, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ও প্যারাসাইট।

বাণিজ্যিক সাফল্যের সর্বশেষ খবর এসেছে ছয়টি মনোনয়ন নিয়ে এগিয়ে আছে গ্রেটা গারউইক পরিচালিত ‘লিটল ওম্যান’ নিয়ে। শুক্রবার এক প্রতিবেদনে ভ্যারাইটি জানায়, গত বড়দিনে সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। এই পর্যন্ত স্থানীয় বাজার থেকে আয় করে নিয়েছে ১০ কোটি ডলারের বেশি। আর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে সাড়ে ১৬ কোটি ডলার।

৪ কোটি ডলার বাজেটের বিপরীতে এই আয়কে লাভজনক বলে উল্লেখ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান। হলিউডের বাণিজ্য বিশ্লেষক ও হল মালিকেরা বলছেন, ‘লিটল ওম্যান’ দেখিয়েছে দর্শকেরা সুপারহিরো সিনেমা ও ফ্র্যাঞ্চাইজির বাইরেও বড়পর্দায় অন্য কিছু দেখতে চান।

‘লিটল ওম্যান’ সনি পিকচার্সের দ্বিতীয় সিনেমা যা কিছু অস্কারে সেরা সিনেমার মনোনয়নের পাশাপাশি স্থানীয় বাজার থেকে আয় করেছে ১০ কোটি ডলারের বেশি। এর আগের অবস্থানে রয়েছে কোয়েনটিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। ১০টি মনোনয়ন পাওয়া সিনেমাটি উত্তর আমেরিকায় ১৪.২ কোটি ডলার ও আন্তর্জাতিক বাজারে আয় করেছে ২৩ কোটি ডলারের বেশি।

অস্কারে সেরার দৌড়ে থাকা ৯ সিনেমার ৬টিই ১০ কোটি ডলারের বেশি আয় করেছে। বাকি চার সিনেমা হলো ১৯১৭, জোকার, ফোর্ড ভার্সেস ফেরারি ও প্যারাসাইট। এর মধ্যে ‘জোকার’-এর আয় ১০০ কোটি ডলারের বেশি। নেটফ্লিক্সের ‘দ্য আইরিশম্যান’ ও ‘ম্যারেজ স্টোরি’ প্রতিষ্ঠানটির নীতি অনুসারে অল্প কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ছবি দুটি খুবই প্রশংসিত হয়েছে। তবে ভিউয়ার্সের হিসেব প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। এ ছাড়া ১.৪ কোটি ডলারের ‘জোজো র‌্যাবিট’-এর আয় সাড়ে ৬ কোটি ডলার।

এবার অনুষ্ঠিত হচ্ছে অস্কারের ৯২তম আসর। আয়োজনটি সরাসরি একাধিক চ্যানেলে দেখা যাবে রবিবার সকালে।