ভালোবাসার আধিপত্য বিস্তার করছে ছাত্রলীগ: রাব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রী ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, ছাত্রলীগ ক্যাম্পাসে ভালোবাসার আধিপত্য বিস্তার করছে। 

তিনি একে ছাত্রলীগের ঐতিহ্য বলেও উল্লেখ করেন। 

শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমনটা বলেন। 

শনিবার বিকেলে ডাকসুর সভাকক্ষে ক কার্যনির্বাহী সভায় হয়। সেখানে মোট ১১টি সিদ্ধান্ত হয়। সভার পর রাতে সাংবাদিকদের মুখোমুখি হন ডাকসু ভিপি নুরুল হক নুর এবং গোলাম রাব্বানী। 

তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ডাকসুতে ছাত্রলীগের আধিপত্য বিস্তারের অভিযোগ বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে গোলাম রাব্বানী বলেন, 'আপনারা কোন আধিপত্য বিস্তারের কথা বলছেন, ভালোবাসার আধিপত্য, তা ছাত্রলীগের ঐতিহ্য।'

নুরুল হক নুর সভায় নতুন ডাকসু নির্বাচনের প্রসঙ্গ উত্থাপন করেছেন বলে জানান। তবে তিনি এ বিষয়ে অন্যদের সাড়া পাননি বলে অভিযোগ করেন।