প্রথম ইনিংসে ৪৮২ রানের পাহাড় গড়ে দক্ষিণাঞ্চল। যার বিপরীতে দুই ওপেনার পিনাক ঘোষ ও মোহাম্মদ আশরাফুলের ফিফটিতে পূর্বাঞ্চল পাল্টা আক্রমণই চালাল প্রতিপক্ষের ওপর। দারুণ খেললেন এই দুই ব্যাটার। যদিও পিনাক ব্যক্তিগত ৮০ ও আশরাফুল ৭১ রানে বিদায় নেন। তবে দ্বিতীয় দিন শেষে এখনো লড়াইয়ে টিকে পূর্বাঞ্চল। যদিও সামনের পথটা কঠিন।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে দ্বিতীয় দিন শেষে এখনো ২১২ রানে পিছিয়ে আছে পূর্বাঞ্চল। হাতে ৫ উইকেট।
শনিবার আগের দিনের ৬ উইকেটে ৪৪৩ রান নিয়ে নতুন দিনের ব্যাটিং শুরু করে দক্ষিণাঞ্চল। আর ৩৯ রান যোগ করতেই গুটিয়ে যায় দলটি (৪৮২)।
১৫৫ রানে দিন শুরু করা নুরুল হাসান সোহান এদিন আর কোনো রান যোগ করতে পারেনি। তার ২২২ বলের ইনিংসে ছিল ১৯টি চার ও ৩ ছক্কা। আগের দিন দলটির পক্ষে সেঞ্চুরি করেছিলেন এনামুল হক বিজয় (১২৯) ও মেহেদী হাসান (১১২)। পূর্বাঞ্চলের পক্ষে ৩টি করে উইকেট নেন রেজাউর রহমান ও সাকলায়েন সজীব।
দিনের দ্বিতীয় ঘণ্টাতেই পূর্বাঞ্চল ব্যাটিংয়ে নামে। পিনাক ও আশরাফুল উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৪৬ রান। আশরাফুলকে ফিরিয়ে জুটি ভাঙেন অভিজ্ঞ আব্দুর রাজ্জাক। ১২৩ বলে ১২ চারে নিজের ইনিংস সাজান আশরাফুল।
আসরে আশরাফুলের এটি প্রথম ফিফটি। প্রথম রাউন্ডে অবশ্য একাদশে সুযোগ পাননি। দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেয়েই তুলে নিলেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩৪তম ফিফটি।
এরপর পিনাকও ফিরে যান দ্রুত। ফরহাদ রেজার বলে কামরুল ইসলাম রাব্বির হাতে ক্যাচ দেন। তার ১৫১ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ১ ছক্কা। এরপর ইয়াসির আলি ৪৪ রানের ইনিংস খেলেছেন। ইমরুল কায়েস ২৮ ও আফিফ হোসেন ধ্রুব ১৫ রানের বেশি করতে পারেনি।
নাসির হোসেন ১২ ও জাকির হাসান ১৩ রানে দিন শেষ করেছেন। এই দুজনই এখন পূর্বাঞ্চলের ভরসা হয়ে আছেন। দ্বিতীয় দিন শেষে যাদের স্কোর ২৭০/৫। দক্ষিণাঞ্চলের হয়ে সর্বাধিক ২টি উইকেট নিয়েছেন রাজ্জাক ও মেহেদী হাসান।