সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গুরুত্বপূর্ণ শহর সারাকেবের দখল নিয়েছে বাশার আল আসাদের বাহিনী। বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে চলমান অভিযানের অংশ হিসেবেই এই শহরটি দখল করা হয়েছে বলে আসাদ সরকারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এএফপি।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলা হয়, সেনাবাহিনী ইতিমধ্যেই সারাকেব শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে সারাকেবের বিধ্বস্ত রাস্তার দৃশ্য দেখানো হয়। সিরীয় সেনাবাহিনী এখন শহরটির ল্যান্ডমাইন ও অন্য বিস্ফোরক অপসারণের কাজ করছে।
গত দুই সপ্তাহের অভিযানে সারাকেবসহ মোট দুটি গুরুত্বপূর্ণ শহর আসাদ বাহিনীর নিয়ন্ত্রণে এলো। ওই দুই শহরের বিদ্রোহীরা মারেত আল নুমান শহরে আশ্রয় নিয়েছে বলে জানায় একাধিক সংবাদমাধ্যম।
ইদলিবে গত দুই সপ্তাহ ধরে বিমান হামলা চালানো হচ্ছে। সিরীয় বাহিনীর অভিযানের মুখে ইদলিবের ৫ লাখ ৮৬ হাজার বাসিন্দা ইতিমধ্যেই গৃহহীন হয়েছে বলে এক রিপোর্টে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া অভিযানে তিন শতাধিক বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
আসাদ সরকারের জন্য কৌশলগত দিক দিয়ে সারাকেব বেশ গুরুত্বপূর্ণ শহর। কারণ এই শহরের ওপর দিয়ে যাওয়া মূল সড়কের সঙ্গে দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো ছাড়াও আছে জর্ডান সীমান্ত সংযোগ। আলেপ্পোর কিছু অংশ এখনো বিদ্রোহীদের দখলে রয়েছে।