বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করেছে দলটি। লালমনিরহাটে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল পণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
সাতক্ষীরা : দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে সাতক্ষীরায় সমাবেশ করেছে বিএনপি। দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্তিতে জেলা বিএনপির আয়োজনে গতকাল সকালে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে এ সমাবেশ হয়। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল আলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, মোদাচ্ছেরুল হক হুদা প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
ঠাকুরগাঁও : খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়াকে কারারুদ্ধ করে সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। সমাবেশে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র প্রমুখ বক্তব্য রাখেন।
খুলনা : দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে গতকাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। সমাবেশে নেতারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে দুই বছর কারাবন্দি করে রেখেছে। শুধু প্রতিহিংসার বশবর্তী হয়ে বানোয়াট ও ঘষামাজা নথির মামলায় সরকারের আজ্ঞাবহ আদালত এবং বিচারক তাকে কারাগারে আটকে রেখেছে। খালেদা জিয়ার জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ভয় পায় বলেই তার জামিন নিয়ে টালবাহানা করেছে। এ সময় জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও শাহারুজ্জামান মোর্তুজা প্রমুখ বক্তব্য রাখেন।
লালমনিরহাট : খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি, নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। গতকাল দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি ছিলেন। লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মমিনুল হক প্রমুখ।
ঝিনাইদহ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ হয়। জেলা বিএনপির আহ্বায়ক এসএম মশিয়ুর রহমান, সদস্য সচিব এমএ মজিদ, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কেএম ওয়াজেদ, কামাল আজাদ পান্নু, জাহিদুজ্জামান মনা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া একই দাবিতে বরিশাল ও সুনামগঞ্জে সমাবেশ হয়েছে।