আগের দিন তাসনিক আহমেদের বোলিং তোপে অল্প রানেই থেমেছিল মধ্যাঞ্চলের প্রথম ইনিংস। শনিবার উত্তরাঞ্চলের প্রথম ইনিংসও বেশি দূর এগোল না। দাপট দেখালেন মোস্তাফিজুর রহমান। নিলেন ৪ উইকেট। এরপর মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংসেও আলো কেড়েছেন বোলাররা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে মধ্যাঞ্চল। দ্বিতীয় দিনের খেলা শেষে ১৯১ রানের লিড নিয়ে দলটি।
এর আগে ৩ উইকেটে ৮৯ রান নিয়ে দিন শুরু করা উত্তরাঞ্চলের প্রথম ইনিংস থামে ১৬৬ রানেই। মধ্যাঞ্চল প্রথম ইনিংসে করেছিল ১৭০ রান।
উত্তরাঞ্চলের ইনিংস গুটিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ। আগের দিন জুনায়েদ সিদ্দিকিকে ফিরিয়েছিলেন। এদিন নেন আরো ৩ উইকেট। এ ছাড়া আরাফাত সানি নেন ২ উইকেট। তাতেই প্রথম ইনিংসে ৪ রানের লিড পায় মধ্যাঞ্চল।
উত্তরাঞ্চলের হয়ে এদিন ৭৮ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন আরিফুল হক। আগের দিন ৪৭ রান করেছিলেন জুনায়েদ সিদ্দিকি।
মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫০ রান যোগ করতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। পরে আব্দুল মজিদ ও তাইবুর রহমানের ব্যাটে প্রতিরোধ গড়ে দলটি। ৪৭ রান করা তাইবুরকে ফিরিয়ে জুটি ভাঙেন আরিফুল হক। আর ৬৯ রান করা মজিদকে ফেরান তাসকিন। শুরুতে যিনি মোহাম্মদ নাঈমের উইকেটও নিয়েছেন।
২ উইকেট নিয়ে তাসকিনই এখন পর্যন্ত উত্তরাঞ্চলের সফল বোলার।