সাভারে ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রাজধানীর সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিগত পাঁচ দিনে প্রায় ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ ঘটনায় তিন ইউপি সদস্যসহ ৩৬ জনের নামে মামলা হয়েছে। আর মদিনা ফুড প্রোডাক্টের মালিক ফজলুল করিমকে (৩০) আটক করেছে।

সাভার তিতাস গ্যাসের ব্যবস্থাপক আবু সাদাত সায়েম গতকাল শনিবার জানান, গত বৃহস্পতিবার রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউপির নরসিংহপুর, দেওয়ানবাগ, ফুলবাগান, জিরাবো, ঘোষবাগ, তৈয়বপুর, মাদবরবাড়ী, টঙ্গাবাড়ী, বাংলাবাজার, গোমাইলসহ আশপাশের প্রায় ১০ কিলোমিটার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া এবং ব্যবহারের অপরাধে ইয়ারপুর ইউপির সদস্য বকুল হোসেন সরকার, মোহাম্মদ আলী ও আক্কাস মেম্বারসহ ৩৬ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়।

আগেও এসব এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু ফের সংযোগ নেওয়ায় হাতেনাতে ফজলুল করিমকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।