নয়াপল্টনে মোশাররফ

আতিক ও তাপস ‘মেশিন মেয়র’

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে ‘মেশিন মেয়র’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্ণ হওয়ার দিন গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি তাদের এ আখ্যা দেন।

মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি দেশের জনগণ একটি সিটি নির্বাচন দেখেছে। সেখানে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন বিএনপির দুই মেয়র প্রার্থী। আর সরকার ও নির্বাচন কমিশন মিলে যাদের বিজয়ী ঘোষণা করেছেন তারা হলেন মেশিনের মেয়র। তারা জনগণের ভোটে নির্বাচিত হননি। আমরা সিটি নির্বাচনের আগেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরোধিতা করেছিলাম। বলেছিলাম, ইভিএমে জনমতের প্রতিফলন হবে না। সিটি নির্বাচনে আমাদের কথাই প্রমাণিত হয়েছে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদও বিজয়ী আওয়ামী লীগের দুই মেয়রকে ‘মেশিন মেয়র’ হিসেবে অভিহিত করেন।