রাজশাহী শহরে পুলিশ পরিচয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে গত শুক্রবার চার যুবককে আটক করেছে পুলিশ। এরপর গতকাল শনিবার ভুক্তভোগীর মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সুচারণ এলাকার রুহুল আমিন (২০), মো. নিলয় (২০), মো. সাগর (২২) ও রূপসীডাঙ্গার শ্রাবণ হোসেন (২০)।
কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান জানান, রাজশাহী শহর থেকে এক যুবক শুক্রবার সন্ধ্যায় চার বন্ধুকে নিয়ে সুচারণে খালার বাসায় বেড়াতে আসেন। সেখানে রুহুল আমিনের সঙ্গে পরিচয়ের পরে তারা সবাই খেজুরের রস পান করতে যান। রস খাওয়ার সময় নিলয়, শ্রাবণ ও সাগর যুক্ত হন। পরে রুহুলসহ আটক যুবকরা নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তাদের আটক করে ও মোবাইল ফোন কেড়ে নেন।
একপর্যায়ে প্রিজন ভ্যান আনার কথা বলে রুহুলকে রেখে অন্যরা সটকে পড়েন। সন্দেহ হলে তারা রুহুলকে ধরে কাটাখালী থানায় হাজির করেন। সেখানে রুহুল স্বীকার করেন, তার চক্রের সবাই ছিনতাইকারী। ওসি আরও জানান, পরে রুহুলের দেওয়া তথ্যে বাকি তিনজনকে আটক ও মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।