আফগান সেনাবাহিনীর পোশাকধারী এক ব্যক্তির গুলিতে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের শেরজাদ জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আলজাজিরা।
শনিবার এক বিবৃতিতে আফগানিস্তানে মোতায়েনকৃত মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আফগান সেনা পোশাকধারী এক ব্যক্তি মার্কিন-আফগান যৌথ বাহিনীর ওপর গুলিবর্ষণ করেছে বলে জানা গেছে।
তবে হামলার কারণ বা উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করেন এই মার্কিন সেনা কর্মকর্তা।
এ ছাড়া মার্কিন সেনাবাহিনীর সপ্তম স্পেশাল ফোর্সেস গ্রুপ (এয়ারবর্ন) এক টুইটে জানিয়েছিল, আফগানিস্তানে একটি যুদ্ধ অভিযানে তাদের ‘কয়েকজন’ সেনা নিহত ও আহত হয়েছেন।
প্রাদেশিক গভর্নর শাহ মাহমুদ মেয়াখিল এক অডিও বার্তায় সাংবাদিকদের জানান, ওই গুলিবর্ষণের ঘটনায় তিন আফগান কমান্ডো আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে ‘গ্রিন অন ব্লু’ হিসেবে পরিচিত এ ধরনের হামলায় প্রায়শই ঘটতো। অবশ্য সাম্প্রতিক সময়ে এটি কমে এসেছে।