সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের ইতিহাস গড়লেন নাসিম শাহ। ১৬ বছর বয়সী ফাস্ট বোলারদের এমন কীর্তিতে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসেও পথহারা বাংলাদেশ।
তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১২৬। প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হওয়া মুমিনুল হকের দল পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৮৬ রানে পিছিয়ে। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করেছিল ৪৪৫ রান।
মুমিনুল (৩৭) ও লিটন দাস (০) সোমবার চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবেন। এখন পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার নাসিম শাহ।
ডাক মেরে ফিরলেন মিঠুন
নাসিম শাহর হ্যাটট্রিকে ধস নামে মিডল অর্ডারে। ২ উইকেটে ১২৪ রান থেকে মুহূর্তেই ৫ উইকেটে ১২৪ রানে পরিণত হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। সাত নম্বরে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিঠুনও আগের ব্যাটসম্যানদের পথেই হাঁটলেন।
১২ বল খেলেও রানের খাতা খুলতে না পারা মিঠুন ইয়াসির শাহর শিকার হয়ে ফিরলেন। ১২৬ রানে ৬ উইকেট হারাল বাংলাদেশ।
মিঠুন আউট হওয়ার পর আর এক বলই খেলা হয়েছে। এরপর দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। মুমিনুল ৩৭ ও লিটন দাস ০ রানে অপরাজিত।
পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৮৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
নাসিমের হ্যাটট্রিকে উড়ে গেল বাংলাদেশের মিডল অর্ডার
মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। তবে ১৬ বছর বয়সী নাসিম শাহর হ্যাটট্রিকে শুধু সেই প্রতিরোধই ভাঙেনি। উড়ে গেছে বাংলাদেশের মিডল অর্ডার।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারের শেষ তিন বলে নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদকে তুলে নেন নাসিম। সবচেয়ে সমবয়সে টেস্টে হ্যাটট্রিকের ইতিহাসও গড়লেন এই ডানহাতি ফাস্ট বোলার।
২ উইকেটে ১২৪ রান থেকে মুহূর্তে ৫ উইকেটে ১২৪ রানে পরিণত বাংলাদেশের ইনিংস। মুমিনুল হক (৩৭) এখন মোহাম্মদ মিঠুনকে (০) নিয়ে ব্যাট করছেন।
শান্ত ৮৭ বলে ৩৮ রান করেন। তৃতীয় মুমিনুল হকের সঙ্গে তিনি ৭১ রান যোগ করেছিলেন।
মুমিনুল-শান্তর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
সাইফ হাসান ফিরেছিলেন দ্রুত। এরপর তামিম ইকবালও ফিরে যান দলীয় স্কোর পঞ্চাশ পেরোতেই। ৫৩ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। তৃতীয় উইকেটে এই দুজন এরই মধ্যে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েছেন।
এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ৩৩ ওভার শেষে ১০৮/২। শান্ত ৩১ ও মুমিনুল ২৬ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে রবিবার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের প্রথম ইনিংস থামে ৪৪৫ রানে। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২৩৩ রান। ২১২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।
তৃতীয় সেশনের শুরুতেই ফিরলেন তামিম
চা বিরতির পর তৃতীয় সেশনের খেলা শুরু হতেই ফিরে গেলেন তামিম ইকবাল। ইয়াসির শাহর বলে এলবিডব্লিউ এই বাঁহাতি। ৫৬ বলে ৬ চারে ৩৪ রান করলেন তিনি। ৫৩ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ সাইফ হাসান
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা স্মরণীয় হলো না সাইফ হাসানের। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন এই ওপেনিং ব্যাটসম্যান। সরাসরি বোল্ড হলেন পাকিস্তান পেসার নাসিম শাহর বলে।
তাতে দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারলেও এবার ১৬ রান করেন সাইফ।
প্রথম ইনিংসে ভালো করতে পারেননি অপর ওপেনার তামিম ইকবালও। তিন রানে ফিরতে হয়েছিল তাকে। এবার উইকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছেন অর্ধশতকের দিকে। দ্বিতীয় উইকেটে জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্তর সঙ্গে। বাংলাদেশের রান ৫০ ছাড়িয়েছে।
প্রথম ইনিংসে ৪৪৫ রানে অল-আউট হয় পাকিস্তান। ২১২ রানের লিড পায় দলটি। প্রথম ইনিংসে বাংলাদেশের রান ছিল ২৩৩।