চোখ ও হাত বেঁধে দুই স্বর্ণ চোরাকারবারিকে কার্যালয়ে বসিয়ে রাখার ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। যশোরের বেনাপোল বড়আঁচড়ার ভাঙ্গার মোড় থেকে শনিবার ৩০টি স্বর্ণের বারসহ বিজিবির সদস্যরা তাদের আটক করেন।
আটক ইকবাল হোসেন (৩৪) ও ওমর ফারুকের (৩২) বাড়ি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামে।
বিষয়টি মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করে জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি এম এ গফুর বলেন, এ ধরনের ব্যবস্থা নেয়ার কোনো সুযোগ নেই। কোনো আসামির সঙ্গে নিপীড়নমূলক কোন আচরণ করার সুযোগ নেই।
এ বিষয়ে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা বলেন, ‘আমরা সাধারণত আসামিদের সঙ্গে এমন আচরণ করি না। কিছুক্ষেত্রে নিরাপত্তার জন্যে এমন ব্যবস্থা নেয়া হয়। আগামীতে এমন যাতে না হয় সে ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে গত ৪ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় ফেনসিডিলের বোতল দিয়ে দেশের মানচিত্র তৈরি করে তীব্র সমালোচনার মুখে পড়ে বিজিবি। কুষ্টিয়ার মিরপুরে মাদকদ্রব্য ধ্বংসের অনুষ্ঠানে ৪৭ বিজিবি এমন ঘটনা ঘটায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়ে।
খবর: ইউএনবি।