পুলিশে নিয়োগ, পদায়ন ও পদোন্নতি সব মহলে প্রশংসিত: আইজিপি

স্বচ্ছতার কারণে পুলিশ বাহিনীতে সাম্প্রতিক নিয়োগ, পদায়ন ও পদোন্নতি সব মহলে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহা-পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রবিবার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ-১ এর ব্যারাক ও অস্ত্রাগার ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

পুলিশের মহা-পরিদর্শক এ সময় বলেন, শিল্প পুলিশের হস্তক্ষেপে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে উৎপাদনমুখী পরিবেশ বজায় থাকায় শিল্প সেক্টরে মামলার সংখ্যা হ্রাস পাচ্ছে। এছাড়া পোশাক কারখানাগুলোতে শিল্প পুলিশের নিরাপত্তার কারণে অর্থনীতি অনেক দুর এগিয়ে গেছে।  

শিল্প পুলিশের জনবল বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে জানিয়ে শিগগিরই এ প্রস্তাব অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে প্যারেড ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে আইজিপি জাবেদ পাটোয়ারী শিল্প পুলিশ-১ এর ব্যারাক ও অস্ত্রাগার ভবন উদ্বোধন এবং বৃক্ষরোপণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিমুর রহমানসহ পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার মালিকরা উপস্থিত ছিলেন।