দুমকিতে নিম্নমানের উপকরণে এলজিইডির সড়ক নির্মাণ

পটুয়াখালীর দুমকিতে নিম্নমানের উপকরণ ব্যবহারে চলছে এলজিইডির সড়ক নির্মাণের কাজ। পরিমাণের চেয়ে কম বালু, নিম্নমানের ইটের সুরকি এবং অন্যান্য উপকরণ ব্যবহারে অযত্নের অভিযোগ করেছেন স্থানীয়রা। প্রকাশ্যে নিয়মবহির্ভূতভাবে ফাঁকিবাজিমূলক নির্মাণকাজ অব্যাহত গতিতে চললেও কর্র্তৃপক্ষ নির্বিকার। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এলজিইডির তদারকিতে দায়িত্বরত কর্মকর্তাদের ম্যানেজ করে দ্রুততার সঙ্গে সড়কটির নির্মাণকাজ করছেন।

এলজিইডির প্রকৌশল বিভাগ অবশ্য নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ মানতে নারাজ। উপজেলা প্রকৌশলী দিপুল চন্দ্র বিশ্বাস বলেন, নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের কোনো সুযোগ নেই। কার্পেটিং শুরুর আগে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা রিপোর্টের পরই কার্পেটিং করা হবে। সুতরাং ফাঁকি দিয়ে ঠিকাদার পার পাবে না। কাজের গুণগত মান দেখেই বিল পরিশোধ করা হবে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ছন্দু প্যাদার বাড়ি থেকে আলমগীর চেয়ারম্যানের বাড়ি হয়ে ধোপার হাট পর্যন্ত ২ হাজার ৮৫০ ফুট সড়কে পরিমাণের চেয়ে কম বালু দিয়ে নিম্নমানের ইটের খোয়ার সাব-বেইজ্ড ও মেকাডামের কাজ চলছে। এলজিইডির তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আল-আমীন রাস্তাটি নির্মাণকাজ করছে।

ঠিকাদার আল-আমীন বলেন, এলজিইডির ইঞ্জিনিয়ার ও এসওর নির্দেশনা মতেই কাজ করা হচ্ছে। ফিনিশিং ভালো করতে ওপরে কিছু দুই নম্বর ইটের খোয়া ব্যবহার করতে হচ্ছে।