চলতি বছর ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে আরও ১০টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট। বর্তমানে এয়ারলাইনসটির বহরে ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর এয়ারক্রাফট রয়েছে।
রবিবার দুপুরে সিলেটের পর্যটন মোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইউএস বাংলা এয়ারলাইনসের প্রধান নির্বাহী (সিইও) মেসবাহ উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ক্যাপ্টেন মশিউল আজম, ফ্লাইট অপারেশন পরিচালক মনিরুল হক জোয়ারদার ও মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম প্রমুখ।
অভ্যন্তরীণ কানেকটিভিটি বাড়ানোই ইউএস-বাংলার মূল লক্ষ্য উল্লেখ করে মেসবাহ উদ্দিন বলেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আকাশ পথে বাংলাদেশকে হাতের মুঠোয় আনার স্বপ্ন নিয়ে কাজ করছেন। শিগগিরই সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর ও সৈয়দপুরসহ বিভিন্ন রুটে কানেকটিং ফ্লাইট চালু করা হবে।
তিনি বলেন, পুরো দেশকে হাতের মুঠোয় আনার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এক ফ্লাইটেই মানুষ যাতে পুরো বাংলাদেশ ঘুরতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশে সাধারণত ২০ বছরের পুরোনো উড়োজাহাজ আসে। কিন্তু আমরা ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট আনছি ১০ বছরের লিজে। প্রতি ১০ বছর পরপর আমাদের বহরে নতুন এয়ারক্রাফট যোগ হবে।
করোনাভাইরাসের কারণে চীনে ফ্লাইট বন্ধ করার পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ইউএস-বাংলা বাংলাদেশি প্রতিষ্ঠান, এদেশের মানুষের কথা ভাবে। চীনে অল্প যাত্রী যাচ্ছে, কিন্তু আসার সময় শতভাগ আসন পূরণ হয়ে আসছে। আমরা আমাদের দেশের মানুষকে দেশে ফিরিয়ে আনতে পারছি, এটাই সার্থকতা।