হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের ৬ চিকিৎসককে জেরা

যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওলজির বিভাগীয় প্রধান ডাক্তার শাহীন ভুঁইয়াসহ ছয়জনকে গতকাল রবিবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংস্থাটির উপপরিচালক শামসুল আলমের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের আরও যেসব চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেনÑ ফিজিওলজি বিভাগের প্রভাষক পংকজ কান্তি গোস্বামী, বায়োকেমিস্ট্রির সহকারী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর খান ও ডা. কুদ্দুস মিয়া, অ্যানাটমির সহকারী অধ্যাপক ডা. প্রাণ কৃষ্ণ বসাক এবং পরিবার পরিকল্পনার উপপরিচালক ডা. নাসিমা খানম ইভা। অভিযোগ থেকে জানা যায়, হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানসহ ওই ছয়জন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে যন্ত্রপাতি, সরঞ্জামাদি ও আসবাবপত্র ক্রয়ের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে ধরা পড়েছে। কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ানকে এর আগে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

টাঙ্গাইলের নথিপত্র তলব : দুদক গতকাল টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল মেডিকেল কলে হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহ এবং কেনাকাটার যাবতীয় নথি তলব করেছে। কমিশনের উপপরিচালক শাসমুল আলম ২০১৭ থেকে ২০১৯ সালের যন্ত্রপাতি ও এমএসআর সামগ্রীর ক্রয়সংক্রান্ত ২৫ ধরনের নথি আলাদা দুটি চিঠিতে তলব করেছেন। সাত কার্যদিবসের মধ্যে এসব নথি সরবরাহ করতে বলেছে দুদক।