মাদারীপুরের শিবচরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাদাৎ খলিফা (২২) নামে এক তরুণ নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে মাদবরেরচর-পাঁচ্চর আঞ্চলিক সড়কের মাদবরেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দী গ্রামের হাচিলত খলিফার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে কাওড়াকান্দি ফেরি ঘাট থেকে মাদবরেরচর চেয়ারম্যান বাড়ির কাছে যাচ্ছিলেন দুই যুবক। মাদবরেরচর বাজার পার হলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শাহাদাৎ খলিফাকে মৃত ঘোষণা করেন। আহত শাহীন ব্যাপারীকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শ্যামল বিশ্বাস বলেন, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মারা যায়। অপরজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, দুর্ঘটনার পরই চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।