রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনি। গত ত্রিশ বছরে এমন প্রবল বৃষ্টি আর দেখা যায়নি অঞ্চলটিতে।
বিবিসি জানায়, ভয়াবহ বৃষ্টিতে বন্যার আশঙ্কা দেখা দিলেও অঙ্গরাজ্যটির অন্তত ১৭টি জায়গা জুড়ে দাবানলের আগুন জ্বলছে এখনো। যার মধ্যে দুইটি দাবানল বড় আকারের।
অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানায়, গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের সিডনি এবং নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন এলাকা।
টানা চার ঘণ্টা ধরে ৩৯১.৬ মিলিমিটার মুষলধারে বৃষ্টির রেকর্ড হয়। যা দেশটিতে এই সময়ের যে কোনো বৃষ্টির তিনগুণ বেশি। ১৯৯৮ সালের পরে এমন বৃষ্টিপাত হলো অঞ্চলটিতে।
এদিকে প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। অন্তত দেড় লাখ ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তায় রাস্তায় উপড়ে পড়েছে গাছ।
সমুদ্রে ঝড়ো বাতাস ও ঢেউয়ের আঘাতে ভেঙে পড়েছে উপকূলের বেশ কিছু স্থাপনা বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
বন্যার আশঙ্কা করে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে প্রাণহানির আশঙ্কাও করছে তারা।
তবে টানা বৃষ্টিতে নিভে গেছে অন্তত ৩০টি দাবানল। যা গত এক সপ্তাহ ধরে জ্বলছিল। সোমবার বিকেলে নিউ সাউথ ওয়েলসের ফায়ার সার্ভিস জানায়, প্রবল বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হলেও দাবানলের আগুন নিভে যাওয়ার খবরই এখন পর্যন্ত সবচেয়ে ইতিবাচক সংবাদ।