মাদক মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে থাকা পুলিশ কনস্টেবল আসাদুল ইসলাম (২৯) মারা গেছেন।
সোমবার দুপুরে আসাদুলকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ২০১৯ সালের ১৩ ডিসেম্বর মাদক পাচারের মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন জানান, বুকে ব্যথা অনুভব করলে আসাদুলকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
জেলার মো.মাসুদ হাসান জানান, জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন হৃদ্রোগে আক্রান্ত হয়ে আসাদুলের মৃত্যু হয়েছে।