এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্রে উত্তর লিখে সরবরাহের দায়ে কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে।
দণ্ডপ্রাপ্তরা হলেন পঞ্চাশ উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নাসিরউদ্দিন, একই স্কুলের ইংরেজি বিষয়ের প্রভাষক দ্বিপন চন্দ্র পাল ও সহকারী শিক্ষক কামালউদ্দিন।
গত রবিবার রাত ৯টায় হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।
জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান জানান, রবিবার দুপুরে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রে উত্তর লিখে পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করছিলেন ওই তিন শিক্ষক। এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের হাতেনাতে ধরে ফেলেন। পাশাপাশি উদ্ধার করা হয় উত্তর লেখা ১১৭টি প্রশ্নপত্র।
তিনি আরও জানান, রাতে ভ্রাম্যমাণ আদালতের সামনে অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করেছেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তিনজনকেই ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রাতেই তাদের হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া কেন্দ্র সচিব নাসিরউদ্দিকে প্রত্যাহারের জন্য সিলেট শিক্ষা বোর্ডে সুপারিশ করা হয়েছে।