খালেদা জিয়ার জামিনের রায় রিভিউয়ের চিন্তা করছে বিএনপি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ কারাবন্দী খালেদা জিয়ার জামিনের বিষয়ে যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে রিভিউ করার বিষয় নিয়ে আলোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তবে কবে নাগাদ রিভিউ করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি তারা। এছাড়া খালেদা জিয়ার স্বজনরা তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের কাছে যে আবেদনের কথা বলেছিলেন তা নিয়েও স্থায়ী কমিটির সদস্যরা আলোচনা করেছেন।

সোমবার রাত সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য।

স্থায়ী কমিটির ওই সদস্য বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যে আদেশ দিয়েছে তার বিরুদ্ধে রিভিউ করার সুযোগ আছে। সে সুযোগ বিএনপি নিতে চায়। শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন তারা।

বৈঠক শেষে অন্যান্য সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করলেও এদিন বৈঠকের পর সংবাদ সম্মেলন করেননি।

স্কাইপের মাধ্যমে বৈঠকে অংশ নিয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৈঠক থেকে সরাসরি হাসপাতালে গয়েশ্বর

বৈঠক চলাকালীন সময়ে হঠাৎ করে গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যান গয়েশ্বর চন্দ্র রায়। তার মোবাইলে ফোন করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, শরীরটা ভালো না। হাসপাতালে যাচ্ছি। পরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও তার পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ওনাকে ধানমন্ডির মডার্ন হাসপাতালে ভর্তি করা হবে।

খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার স্বজনরা সাক্ষাৎ করবেন

খালেদা জিয়ার এক স্বজন সোমবার রাতে দেশ রূপান্তরকে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার বিকেলে তারা সাক্ষাৎ করবেন।